
নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরবের বহুল আলোচিত বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠীর সম্ভাব্য হামলার আশঙ্কায় আয়োজকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার, ২০ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকেরা জানান, এবারের সম্মেলন আপাতত হচ্ছে না। আগামী বছর নতুন তারিখে আয়োজনটি অনুষ্ঠিত হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সম্মেলনটি সরাসরি আয়োজনের পাশাপাশি অনলাইনে করার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। শেষ পর্যন্ত পুরো আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনটির দশম আসর যেন প্রত্যাশিত মান বজায় রেখে স্মরণীয় হয়ে ওঠে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা প্রতিবছর এ সম্মেলনে অংশ নেন। সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই বিনিয়োগ আয়োজন ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বা ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিত। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে এ নামকরণ করা হয়েছে।
সম্মেলনটির অন্যতম উদ্দেশ্য হলো সৌদি আরবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের বিকাশে দেশটি ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবারের আয়োজনে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান লরেন্স ফিঙ্কের বক্তব্য দেওয়ার কথা ছিল।
ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে সৌদি আরব ও হুতি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি ভূখণ্ডে সম্ভাব্য হামলার আশঙ্কা এবং ভ্রমণসংক্রান্ত নিরাপত্তা উদ্বেগ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে হামলা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আয়োজকদের বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।